নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদানের উপস্থিতি পেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। এসব বিদ্যালয়ের নলকূপের পানি পান কিংবা অন্য কোনো কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সূত্র জানায়, সম্প্রতি দেশের ৪৭ হাজার ৩৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির উৎস পরীক্ষা করে ছয় হাজার ৮৮৮টি বিদ্যালয়ের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক, আয়রন ও ক্লোরাইডের উপস্থিতি পাওয়া গেছে। এসব বিদ্যালয়ের নলকূপের পানি খাবার পানি হিসেবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়ার অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, চঊউচ৪, এচঝ ও ঘঘএচঝ প্রকল্পের আওতায় আগে পানি পরীক্ষা করা হয়েছে- এমন বিদ্যালয়গুলো বাদ দিয়ে অবশিষ্ট ৪৭ হাজার ৩৬৯টি বিদ্যালয়ের পানির উৎস পরীক্ষা করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পরীক্ষায় ৪০ হাজার ৪৮১টি বিদ্যালয়ের পানির উৎসের পানি নিরাপদ সুপেয় পানি হিসেবে গ্রহণযোগ্য পাওয়া গেছে। তবে ছয় হাজার ৮৮৮টি বিদ্যালয়ের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক, আয়রন ও ক্লোরাইডের উপস্থিতি পাওয়া গেছে।



