গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৩

Printed Edition

আলজাজিরা

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আলজাজিরা। মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ২৮৩ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার ৮৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হামলা অব্যাহত রয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় এক হাজার ১৫৮ জন নিহত এবং তিন হাজার ৭৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুতেও হামলা

এ দিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং শিশুসহ আরো ১০ জন আহত হয়েছেন। গত রোববার পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে। আহত শিশুদের ও এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পশ্চিম তীরে দখলদারদের হামলায় নিহত ২

অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহর কাছে দেইর জারির গ্রামে দখলদার ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানায় আনাদোলু। গত রোববার গভীর রাতে সংঘটিত এ হামলার তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতরা হলেন ৫৩ বছর বয়সী আওদা আবদুল রহিম আওদা ফারাখনা এবং ২৬ বছর বয়সী আহমেদ আদেল রশিদ আবু মুখ। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তারা ইসরাইলি গুলিতে নিহত হয়েছেন।