বিবিসি
দুর্নীতি ও প্রভাব খাটানোর সুনির্দিষ্ট অভিযোগে আগে থেকেই তদন্তাধীন ছিলেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতেরো। এবার তার দফতর থেকে বিপুল পরিমাণ বিলাসবহুল ঘড়ি ও অলঙ্কার উদ্ধারের পর নতুন করে করফাঁকি এবং চোরাচালানের তদন্তের মুখে পড়েছেন এই সমাজতন্ত্রী নেতা।
২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জাপাতেরোর দল সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টি এখনো দেশটির ক্ষমতায় রয়েছে এবং দলের অভ্যন্তরে তিনি অত্যন্ত প্রভাবশালী। ২০২১ সালে স্প্যানিশ বিমান সংস্থা প্লাস আলট্রাকে পাঁচ কোটি ৩০ লাখ ইউরোর সরকারি বেইল আউট (আর্থিক সহায়তা) পাইয়ে দিতে তিনি নিজের প্রভাব খাটিয়েছিলেন এবং বিনিময়ে কমিশন গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত কৌশলগত কোম্পানিগুলোকে সহায়তার জন্য গঠিত সরকারি তহবিল থেকে এই অনুদান দেয়া হয়েছিল। এই দুর্নীতির তদন্তের অংশ হিসেবে গত মাসে মাদ্রিদে সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির সদর দফতর, শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বাড়ি এবং একজন শীর্ষ ব্যবসায়ীর বাসভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকটি নথি জব্দ করে পুলিশ। একই সময়ে জাপাতেরোর দফতরেও অভিযান চালানো হয়। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকে প্রায় ১২ লাখ ইউরো মূল্যের স্বর্ণ, নীলকান্তমণি ও পান্না খচিত নেকলেস, ব্রেসলেট, আংটি ও কানের দুল উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত অলঙ্কারগুলোর উৎস জাম্বিয়া বা থাইল্যান্ড এবং জাপাতেরো এগুলোর শুল্ক পরিশোধের কোনো বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন।
যদিও সে সময় সাবেক প্রধানমন্ত্রীর সহযোগীরা এই মূল্যবান সামগ্রীগুলোকে পারিবারিক উত্তরাধিকার বলে দাবি করেছিলেন, তবে এখন তার বিরুদ্ধে কর ফাঁকি ও চোরাচালানের অভিযোগে নতুন তদন্ত শুরু হয়েছে। অলঙ্কারগুলোর বিষয়ে বিচারকের সামনে ব্যাখ্যা দেয়া হবে বলে জানিয়েছেন জাপাতেরোর মুখপাত্র লুই আরোয়ো। এই বিষয়ে সাক্ষ্য দিতে চলতি মাসের শেষের দিকে তাকে আদালতে তলব করা হয়েছে।



