ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে নতুন বিতর্কে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, তাদের সমর্থকদের জন্য বরাদ্দ করা বিশ্বকাপের টিকিট কোটা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে গতকাল ইরান ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের তিনটি ম্যাচের জন্য ফিফার নিয়ম অনুযায়ী বরাদ্দ পাওয়া টিকিট প্রত্যাহার করা হয়েছে। ফলে জাতীয় দলের সমর্থকদের কাছে একটি টিকিটও সরবরাহ করতে পারছে না তারা।
ফেডারেশনের দাবি, অংশগ্রহণকারী দেশগুলোর জন্য প্রতিটি ম্যাচের টিকিটের ৮ শতাংশ বরাদ্দ রাখার বিধান রয়েছে। সেই কোটার ভিত্তিতে ইরান ইতোমধ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু করেছিল এবং অনেক সমর্থক ভ্রমণসহ অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
বিবৃতিতে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর সমতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের কাছে নিরপেক্ষতা, ন্যায়বিচার ও প্রচলিত নিয়ম বজায় রেখে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এটি সর্বশেষ বিতর্ক। এর আগে তেহরান অভিযোগ করেছিল, তাদের প্রতিনিধিদলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় সফরে যেতে পারেননি। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান তাদের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরও যুক্তরাষ্ট্রের টুসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নিয়েছে।
বিশ্বকাপে ইরান তাদের অভিযান শুরু করবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিসরের মুখোমুখি হবে তারা। তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।



