নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ সারা দেশে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সতর্কবার্তা জারি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম। এটি নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দেয়া ‘রিমাইন্ডার’ বা মনে করিয়ে দেয়ার বার্তা বলে জানিয়েছেন তিনি। গতকাল রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গোয়েন্দা প্রধান এ কথা বলেন।
এর আগে গত শনিবার পুলিশ সদর দফতর থেকে এক বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়া হয়। বার্তায় বলা হয়, পুলিশের ব্যবহৃত জিপ (গাড়ি), পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে, তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়। এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেয়া হয়। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়।
এসব বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে থাকি। পাশাপাশি নিজেদের নিরাপত্তাটাও দেখতে হয়। কাজেই এই সতর্ক আমরা সবসময় থাকি। তবুও সাম্প্রতিককালে আপনারা দেখছেন যে, কয়েকটা বোমার বিষয় এসেছে এবং মিথ্যা কিছু গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয় নিয়ে আমরা তৎপর এবং সব মিলিয়ে আমাদের নিজেদের নিরাপত্তাটা যেন বজায় থাকে, এ জন্য এমন সতর্কতা। আগেও এমন নির্দেশনা দেয়া হয়েছে, যেন পুলিশের সব যানবাহন থেকে শুরু করে স্থাপনা নিরাপদ থাকে। তাই পুলিশকে আবারো নির্দেশনা দিয়ে রিমাইন্ডার দেয়া হয়েছে, যেন পুলিশ অধিক সতর্ক থাকে।’
‘যেহেতু ইদানীং বিভিন্ন সত্য-মিথ্যা মিলিয়ে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সে জন্য সতর্কতা জারি করা হয়েছে- এটা একটা রিমাইন্ডার’।



