লালদিঘী ময়দান পরিদর্শন করলেন নগর জামায়াত নেতারা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সঙ্কীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। লংমার্চের সর্বশেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার লালদিঘী ময়দান পরিদর্শন করেন নেতারা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর শোয়ায়েব, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, এনসিপি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী সদস্য সৈয়দ এহছানুল হক প্রমুখ।