রায়পুর উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে স্থানীয়দের নানা প্রস্তাব

Printed Edition

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় নেতা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা ভাঙাচোরা সড়কের দ্রুত সংস্কার, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, মাদকবিরোধী অভিযান জোরদার, পরিকল্পিত হকার মার্কেট নির্মাণ, আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ, মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, রায়পুর মৎস্য হ্যাচারির আধুনিকায়ন, প্রস্তাবিত রেললাইন রায়পুরের মধ্য দিয়ে বাস্তবায়ন, সয়াবিনভিত্তিক শিল্প স্থাপন, চরাঞ্চলে কোল্ড স্টোরেজ নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সরকারি কলেজে অনার্স কোর্স চালু, ডাকাতিয়া নদীতে লেক নির্মাণ, নারিকেল ও সুপারি প্রক্রিয়াজাতকরণ, বাস টার্মিনাল নির্মাণ এবং বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, সভায় উত্থাপিত সব প্রস্তাব গুরুত্বের সাথে পর্যালোচনা করে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনায় তা অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবগুলো পাঠিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।