যুক্তরাষ্ট্রে রেকর্ড তাপপ্রবাহ : মৃত্যু ২৫

Printed Edition

দ্য গার্ডিয়ান

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান ভয়াবহ তীব্র তাপপ্রবাহ এবং প্রচ- গরমে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলের এক বিস্তীর্ণ এলাকাজুড়ে বর্তমানে একটি বিশাল তাপগম্বুজ বা হিট ডোম অবস্থান করছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী উদযাপিত হলেও, এর কয়েক দিন আগে থেকেই দেশটিতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়। প্রচণ্ড এই গরমের কারণে সৃষ্ট দমবন্ধ পরিস্থিতি দেশটির স্বাধীনতাবার্ষিকীর উৎসব-আনন্দে চরম বিঘœ ঘটিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দেশের কোটি কোটি মানুষকে আরো কয়েক দিন এই তীব্র গরমে নাকাল হতে হবে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এমনকি গত রোববারও দেশজুড়ে ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে নিউ জার্সির পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক। সেখানকার কর্মকর্তাদের ধারণা, তীব্র তাপপ্রবাহের কারণে অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা। মৃতদের অনেককে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাড়ি, নিজ বাড়ির বাইরে, সড়ক এবং পার্ক করে রাখা গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার গরমে প্রথম মৃত্যুর ঘটনাটি সামনে আসে। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে।

পরিস্থিতি বিবেচনায় নিউ জার্সি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘এটি গ্রীষ্মকালের সাধারণ কোনো তাপপ্রবাহ নয়। এ ধরনের তাপপ্রবাহ খুব দ্রুতই সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’