মুলাদীতে রডের পরিবর্তে গুনার জাল দিয়ে সড়ক ঢালাই

Printed Edition

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের ষোলঘর থেকে ব্যাপারীর হাট পর্যন্ত সড়কের সংস্কার ও ঢালাইকাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা ঢালাই কাজে রডের বদলে গুনার জাল ব্যবহার করার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা গত রোববার সকালে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগে ষোলঘর মৃধাবাড়ি থেকে ব্যাপারীর হাট পর্যন্ত গ্রামীণ সড়কের আগের সংস্কার ও ঢালাইকাজে নিয়ম মেনে রড ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পুরনো কাজের মূল সিডিউল, সরকারি নিয়ম ও অনুমোদিত নকশা সম্পূর্ণ লঙ্ঘন করে রডের পরিবর্তে অত্যন্ত নিম্নমানের চিকন গুনা বা জিআই তারের নেট (গুনার জাল) বিছিয়ে তার ওপর সিমেন্ট-বালুর পাতলা ঢালাই দিচ্ছিল। এতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দেন।

স্থানীয় শাহজালাল ব্যাপারী বলেন, রডের বদলে গুনার জাল দিয়ে সিমেন্টের ঢালাই করা হলে অল্প দিনের মধ্যেই সড়কের কংক্রিট পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা কাজ বন্ধ করে দিয়ে ইউএনও স্যারকে ফোন করে জানিয়েছি। সরকারি সিডিউল ছাড়া ঢালাইয়ের কাজ করতে দেয়া হবে না।

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাহউদ্দীন ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার সালাউদ্দীন মিন্টু বলেন, সরকারি প্রাক্কলন ও এলজিইডির অনুমোদিত ডিজাইন অনুসারেই কাজ হচ্ছিল। এতে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। স্থানীয়রা বিষয়টি না বুঝতে পেরে সাময়িকভাবে কাজ বন্ধ করে দিয়েছেন।

মুলাদী উপজেলা প্রকৌশলী জিয়াউল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং অবিলম্বে উক্ত প্রকল্পের সরকারি প্রাক্কলন (ডিজাইন ও এস্টিমেট) খতিয়ে দেখে সরেজমিন গিয়ে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মুলাদী ইউএনও গোলাম সরওয়ার বলেন, অনিয়মের সুনির্দিষ্ট সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।