বাংলাদেশে মিডিয়ার ওপর কোনো চাপ কিংবা নিয়ন্ত্রণ নেই : তথ্যমন্ত্রী

Printed Edition
ভোলা প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা : নয়া দিগন্ত
ভোলা প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা : নয়া দিগন্ত

ভোলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বাংলাদেশের মিডিয়ার ওপর কোনো ধরনের চাপ কিংবা নিয়ন্ত্রণ নেই, মিডিয়া সম্পূর্ণ ফ্রি। আমি প্রায় ২০ বছর ধরে রাজনীতি করছি, কখনো কোনো পত্রিকার নিয়ন্ত্রণ করিনি, আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও কখনো এর প্রতিবাদ করিনি। কারণ আমি বিশ্বাস করি সব সংবাদ মাধ্যম আপনার পক্ষে থাকলেও আল্লাহ পক্ষে না থাকলে আপনি টিকতে পারবেন না। বিগত সরকারের আমলে এটা প্রমাণিত হয়েছে। গতকাল ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়া। তাই সাংবাদিকদের এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনার একটি ভুল সংবাদের কারণে যেন কারো মান-সম্মান নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে, পাশাপাশি কাউকে অতিরিক্ত ফুলিয়ে সংবাদ পরিবেশনটাও সঠিক নয়।

তিনি বলেন, আমরা একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, সাইবার বুলিং এখন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নতুন চ্যানেল সৃষ্টি করেছে। ৩০ বছর আগে এই সমস্যাগুলো ছিল না। সোশ্যাল মিডিয়ায় টলারেন্স আরো বাড়াতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্থানীয় সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, ভোলার উন্নয়নে যেন আমাদের মধ্যে কোনো বিভক্তি না আসে। সব দলের সহযোগিতায় ভোলার উন্নয়ন অব্যাহত থাকবে। গত ছয় মাসে ভোলায় সর্বোচ্চ বরাদ্দ এনেছি, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের সামনে বেড়ে উঠেছি, আমার ভালো মন্দ সব কিছুই আপনারা জানেন। দল সম্পর্কে আপনারা অবগত, বিএনপির সাথে আমার কেমন সম্পর্ক সেটাও আপনারা জানেন। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন।

ভোলা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা: শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, ভোলার প্রথম সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক মো: শওকত হোসেন, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আতাউর রহমান মমতাজি প্রমুখ।