কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতা বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী জানান, নিহত সামিরুলের হত্যা বিষয়টি রহস্যজনক। তাকে হত্যার কোনো কারণ এলাকাবাসী খুঁজে পাচ্ছে না।



