নড়াইলে শিশু-কিশোরদের রঙতুলিতে মুখর সুলতান উৎসব

Printed Edition
নড়াইলে সুলতান উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোররা : নয়া দিগন্ত
নড়াইলে সুলতান উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোররা : নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে দুদিনব্যাপী সুলতান উৎসব। গতকাল শুক্রবার সকাল ১০টায় সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ৪০০ শিশু-কিশোর অংশ নেয়।

প্রতিযোগিতায় শিশুদের রঙতুলিতে বাংলাদেশের পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ জীবন, নৌকাবাইচ ও শিল্পী এস এম সুলতানের প্রতিকৃতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই সাথে সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্যসচিব সসীম সরকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ উৎসবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মারা যান। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে পরিচিত সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়।