সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শুক্রবার রাত ৩টার দিকে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউনিটটির একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিরাপত্তার কারণে উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ত্রুটি মেরামতের পর শনিবার সকালে উৎপাদন শুরু হয়। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে। এ ইউনিট থেকে ১৭০-১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা।

৯ পরিবার পেল ঢেউটিন, শুকনা খাবার

ঢাকার ধামরাইয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনা খাবার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-মামুনের সভাপতিত্বে এসব সহায়তা তুলে দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন, এক প্যাকেট শুকনা খাবার ও নগদ অর্থের চেক দেয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দফতর সম্পাদক মিকাইল হোসেন ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা উপস্থিত ছিলেন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

পালানো আসামি গ্রেফতার

প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: মনির হাওলাদারকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হাওলাদার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ২০১৫ সালের একটি জিআর-১৪ (ঝাল:) মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি মনির হাওলাদারকে গ্রেফতার এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।

পিস্তল ঠেকিয়ে ইটভাটায় ডাকাতি

টাঙ্গাইলের ঘাটাইলে এক ইটভাটায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৩টার দিকে ধলাপাড়া ইউনিয়নের রূপসা ইটভাটায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ভাটার ম্যানেজার স্বপনকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে এবং ঘুমের ওষুধ মেশানো পানি পান করায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে অফিসের ড্রয়ার ভেঙে নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথি লুট করে নিয়ে যায় ডাকাতরা। একইসাথে ইটভাটার বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করা করে তারা। ইটভাটা সূত্রে জানা যায়, ডাকাতরা অফিসে ঢুকেই ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাইল থানার ওসি মো: মোকছেদুর রহমান বলেন, ঘটনা জানার পর ধলাপাড়া ফাঁড়ির ইনচার্জকে অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা।

কিশোর গ্যাংয়ের হামলায় ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে আদালতপাড়া এলাকায় হেলাল মিয়ার বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওবাইদুল ইসলাম মুন্না ও ইমন মিয়ার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাড়িতে ঢুকে জান্নাতুল ফেরদৌস রানা বেগম, বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। গত বৃহস্পতিবার বিকেলে হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সাথে ঝগড়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার শিকার পরিবারের সদস্যরা ওই ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করছেন। গুরুতর আহত বিশাল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

ঋণের চাপে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাঠপাড়া গ্রামে একাধিক এনজিওর ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে সুবরেক আলী (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোররাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান। নিহত সুবরেক ওই গ্রামের মৃত জান মহাম্মদের ছেলে। পরিবারের অভিযোগ, তিনি ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, ওয়েব ফাউন্ডেশন, জাগরণী ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন ও সিইও ফাউন্ডেশনসহ একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তি আদায়ে নিয়মিত কর্মীরা বাড়িতে আসতেন এবং পরিশোধে ব্যর্থ হলে নানাভাবে মানসিক চাপ দিতেন। পরিবারের ধারণা, ঋণের কিস্তির চাপ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। দর্শনা থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

দীর্ঘ ২ মাস ধরে বিদ্যুৎহীন দুই গ্রাম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিডিবির ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুই মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামের মানুষ। জানা যায়, ফুলপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন ওই দুই গ্রামের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারটি দুই মাস আগে বিকল হয়। এখনো সেটি মেরামত বা পরিবর্তন না করায় গ্রাম দু’টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ দিন বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ফ্রিজে খাদ্যসামগ্রী সংরক্ষণসহ বিদ্যুৎনির্ভর সব কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফুলপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, বিকল ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে। ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা।

তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে পানিতে ডুবে সাইমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার পাশে বসে খেলছিল সাইমন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তালতলী (বরগুনা) সংবাদদাতা।