ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিস্তারের অগ্রপথিক, সমাজসংস্কারক, জ্ঞানতাপস, সাবেক এমএনএ, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ১৩২তম জন্মবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। তিনি ১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাহবাজনগরে (বিরামদী গ্রাম) জন্মগ্রহণ করেন। তিনি ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং ১৯২৩ সালে বিএল ডিগ্রি অর্জন করে কয়েক বছর টাঙ্গাইলের করটিয়া এইচ এম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকতা ও পরবর্তীতে কয়েক বছর ময়মনসিংহ জেলার জজকোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত করটিয়া সরকারি সা’দত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে একটানা প্রায় বাইশ বছর দায়িত্ব পালন করেন।
তিনি কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ছিলেন। বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে- ইস্তাম্বুল যাত্রীর পত্র, নয়াচীনে একচক্কর, আলু বোখারা, কাফেলা, মায়ের বুলি, জহুর ধোপা, নছর পেয়াদা। এ ছাড়া ‘বাতায়ন’ তার একটি অনন্য আত্মজৈবনিকমূলক গ্রন্থ। ১৯৭৮ সালের ২৯ মার্চ তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার উদ্যোগে টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে ও ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজে, মিরপুরের সরকারি বাঙলা কলেজে প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর জীবন ও কর্মের ওপর স্মরণসভা এবং বাংলা একাডেমিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসংঘ ও ইব্রাহীম খাঁ ফাউন্ডেশন এর উদ্যোগে গুণীজন সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একটি তথ্যসমৃদ্ধ স্মরণিকা ‘দ্যুতি’ প্রকাশ ও প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।



