বাণিজ্যযুদ্ধ কারো উপকারে আসবে না : চীন

Printed Edition

আনাদোলু

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্রের নতুন একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্তকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যেকোনো ধরনের শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষ বা বিশ্বের সামগ্রিক অর্থনীতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তারা যেকোনো ধরণের একতরফা শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করেন।

আন্তর্জাতিক বাণিজ্যে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য প্রবেশ থামাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে এই শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ঘোষিত এই অতিরিক্ত কর ইস্টার্ন টাইম অনুযায়ী শুক্রবার রাত ১২:০১ মিনিটে (০৪:০১ জিএমটি) কার্যকর হয়। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে ঘোষিত সাময়িক ১০ শতাংশ বিশ্বব্যাপী শুল্কের স্থলাভিষিক্ত হলো, যার মেয়াদ একই সময়ে শেষ হয়ে গিয়েছিল।