সিলেট ব্যুরো
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ভর্তির হারে সিলেট বিভাগকে ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিসংক্রান্ত তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষণে দেখা গেছে, গত শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে। আর বিশ্ববিদ্যালয়টি যে অঞ্চলে অবস্থিত, সেই সিলেট বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ২৮টি বিভাগ ও একটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৬৩৪ শিক্ষার্থী। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ভর্তি হয়েছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২.১৬ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিভাগের অন্য জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।



