গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড : আটক ২৮

ডেসকোর বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশান-২ এলাকার পৃথক দু’টি স্পা সেন্টারে এ অভিযান চালায় গুলশান থানা-পুলিশ।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার দু’টি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রাজধানীর অভিজাত এলাকায় কয়েকটি স্পা সেন্টার পরিচালনা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকেও এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়। রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হবে না। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। অন্য দিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ টাকাসহ একটি ট্রাঙ্কও জব্দ করা হয়েছে।