ক্রীড়া প্রতিবেদক
জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ২০তম এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-২০ সংস্করণের এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ গত জুলাইয়ে টি-২০ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের দলের বেশির ভাগ ক্রিকেটারই আছেন এশিয়ান গেমসের দলে। যদিও চোটের কারণে সেই সিরিজে খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। প্রায় দেড় বছর পর নাজমুল হোসেন শান্ত। ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি সর্বশেষ টি-২০ খেলেছিলেন। এ ছাড়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ। এশিয়ান গেমসের স্কোয়াডে নেই জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা নুরুল হাসান, চোটের কারণে বাদ পড়েছেন দুই পেসার নাহিদ রানা ও আবদুল গাফফার।
১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনালে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।



