অভিষেকে চমক এলভার্সবার্গের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জার্মানির ফুটবলে ১২২ বছরের পুরনো ক্লাব এসভি এলভার্সবার্গ। অথচ এই ক্লাবটি গত ১০ বছর আগে খেলতে জার্মানির চতুর্থ বিভাগে। পাঁচ বছর আগেও ছিল তৃতীয় বিভাগে। এবারই প্রথম জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় উঠে আসা ছিল ক্লাবটির ফুটবলের বড় চমক। ছোট্ট শহরের সেই ক্লাবটি অভিষেকেই আরো চমকে দিলো। শীর্ষ লিগে প্রথম ম্যাচেই হারিয়ে দিলো জার্মান ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি বায়ার লেভারকুজেনকে। ঘরের মাঠে এলভার্সবার্গ গত পরশু ৩-২ গোলে হারিয়েছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নদের।

জার্মানির দক্ষিণ-পশ্চিমে স্থলবেষ্টিত ফেডারেল কাউন্টি জারলান্ট। সেই রাজ্যের নুয়েনকার্চেন জেলার ছোট্ট পৌরশহর স্পিজন-এভাসবার্ক। শহরের জনসংখ্যা মাত্র ১৩ হাজার। এই ক্লাবের ঘরের মাঠের দর্শক ধারণক্ষমতাও জনসংখ্যার চেয়ে বেশি (১৪ হাজার ২২১)। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ক্লাব এলভার্সবার্গ। ২০১২-১৩ মৌসুমে ক্লাবটি চতুর্থ বিভাগ থেকে তৃতীয় বিভাগে উঠে আসে। তবে অবনমন হয় পরের মৌসুমেই। অবশেষে ২০২১-২২ মৌসুমে আবার উঠে আসে তৃতীয় বিভাগে। ওই বছর সেখানে টিকে তৃতীয় বিভাগের শিরোপা জিতে ২০২২-২৩ মৌসুমে। ইতিহাসে প্রথমবারের মতো উঠে আসে দ্বিতীয় বিভাগে। গত মৌসুমে দ্বিতীয় বিভাগে রানার্স আপ হয়ে প্রথমবারের মতো ঠাঁই পায় বুন্দেসলিগায়। সেখানে প্রথম ম্যাচেই অবিশ্বাস্য এক জয় দিয়ে ধরে রাখল তাদের স্বপ্নের পথচলা।

নিজেদের মাঠ ওয়াল্ডস্টেডিয়ন এন ডের কায়সারলিন্ডে গত পরশু অভিষেক ম্যাচে ৮ মিনিটেই লুকাস পেতকোভের গোলে এগিয়ে যায় এলভার্সবার্গ। পরের মিনিটেই ব্যবধান বাড়ান কোল ক্যাম্পবেল। ৪৬ মিনিটে দলকে ৩-০ গোলের লিড এনে দেন ডেভিড মকওয়া। সমান তালে লড়ে তিন গোলে এগিয়ে যাওয়ার পর ৭৭ মিনিটে লেভারকুজেনের হয়ে একটি গোল শোধ করেন পেত্রিক শিক। যোগ করা সময়ের প্রথম মিনিটে ক্রিশ্চিয়ান কোফানে আরেকটি গোল করে ম্যাচে নাটকীয়তা ফেরালেও শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে এলভার্সবার্গ।