খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় জোড়া হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত মহানগর দায়রা প্রথম আদালতের জজ নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তর হলেন- ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুরুদ্দিন মো: রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ ওরফে রাজিব, সিদ্দিক, ওয়াসিম ওরফে দাদা ওয়াসিম ও জব্বার। তাদের মধ্যে গাড়ি ফারুক আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, রূপসা উপজেলার খান মোহাম্মদপুর গ্রামের শেখ মহিউদ্দিনের ছেলে মো: হায়দার ওরফে কানা হায়দার নগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি মাটিয়াপুল এলাকার ফারুকের মেয়ে মর্জিনা খাতুনকে বিয়ে করে ওই এলাকায় বসবাস করতেন। তার সাথে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজু, আবু বক্কর সিদ্দিক ওরফে কানা সিদ্দিক, সিদ্দিক, নাসির, মুক্তা ও বেটে রফিকের দীর্ঘ দিন দ্বন্দ্ব ছিল। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে আসামিরা রামদা, ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হায়দারের ঘরে ঢুকে তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় তার আর্তচিৎকারে শ্যালক তরিকুল ইসলাম পিকু এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। হায়দারের স্ত্রী মর্জিনা খাতুন বাধা দিলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে হায়দার ও তার শ্যালক তরিকুল ইসলাম পিকু মারা যায়।