নিজস্ব প্রতিবেদক
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার রূপ নিল চরম ট্র্যাজেডিতে। রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো: আবুল বাসার বাদশা (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। একই হামলায় ওই ইউনিটের সভাপতি মো: সাদ্দাম হোসেনও (৩৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচ চলাকালে বাঁশি বাজানো ও হইচই করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় আদাবর থানা বিএনপির এক সদস্যের সাথে স্থানীয় এক ব্যবসায়ীর ছেলের চড়-থাপ্পড়ের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং মোহাম্মদপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল।
এই বিরোধ মীমাংসার জন্যই ১ জুলাই রাতে নবোদয় বাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ার পরপরই প্রতিপক্ষের আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে বাদশা ও সাদ্দামের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা ওই এলাকার একটি ‘কিশোর গ্যাং’-এর সদস্য।
গুরুতর জখম অবস্থায় বাদশা ও সাদ্দামকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বাদশার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ঘটনার নেপথ্যে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানো নিয়ে বিরোধ কাজ করেছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আমরা তিনজনকে আটক করেছি।



