নিরাপত্তা শঙ্কায় আর্জেন্টিনার দুই তারকা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সৃষ্ট বিতর্কের জেরে যুক্তরাজ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে দু’জনই নিজেদের বাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন।

বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারানোর পর উদযাপনের সময় কয়েকজন খেলোয়াড়ের হাতে একটি ব্যানার দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। ব্রিটেন ও আর্জেন্টিনার দীর্ঘ দিনের রাজনৈতিক বিরোধের কেন্দ্র এই দ্বীপপুঞ্জ, যাকে আর্জেন্টিনায় ‘মালভিনাস’ বলা হয়। এ কারণে ব্যানারটি ঘিরে ইংল্যান্ডে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্রতিবেদন অনুযায়ী, লিভারপুলে বসবাসকারী ম্যাক অ্যালিস্টার এবং ম্যানচেস্টারে থাকা মার্তিনেজ সম্ভাব্য হামলা বা ভাঙচুরের আশঙ্কায় নিজেদের উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ করেছেন। তবে এখন পর্যন্ত তাদের বাড়িতে কোনো ধরনের হামলা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিষয়টি আরো আলোচনায় আসে ব্রিটিশ রাজনীতিক নাইল গার্ডিনারের মন্তব্যের পর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ওই ঘটনায় জড়িত প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘ দিনের। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের রাজনৈতিক বার্তা প্রদর্শন নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এ ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ফিফার তদন্তও চলছে।