চট্টগ্রামে আলিফ হত্যা

আদালতে সহকর্মীর কান্নাজড়িত সাক্ষ্য

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আইনজীবী শহিদুল আলম রাহাত। সহকর্মীকে স্মরণ করতে গিয়ে আদালতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির দ্বিতীয় সাক্ষী শহিদুল আলম রাহাতের জবানবন্দী রেকর্ড করেন। মামলার অন্যতম আসামি সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কয়েকজন আসামির পক্ষে সাক্ষীকে জেরা করা হলেও চিন্ময়ের পক্ষে জেরা হয়নি। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন নিষ্পত্তির অপেক্ষার কথা জানিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সাক্ষীকে জেরার জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

তিনি আরো জানান, একই কারণে প্রথম সাক্ষী নিহতের বাবা জামাল উদ্দিনকেও চিন্ময়ের আইনজীবী জেরা করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার চলছে। বর্তমানে ২৭ জন আসামি কারাগারে এবং ১২ জন পলাতক রয়েছেন।