নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিপক্ষের সিনিয়র আইনজীবী আমিনুল গণি টিটোর আকস্মিক মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সোমবার এক দিনের জন্য বিচারকার্য মুলতবি করেছেন আদালত। এর ফলে বহুল আলোচিত সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলার পূর্বনির্ধারিত সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া গতকাল শুরু হতে পারেনি।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক স্বনামধন্য সদস্য আমিনুল গণি টিটো ট্রাইব্যুনালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবারের জন্য ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম যথারীতি চলবে।
আদালত সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সোমবার মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় করা মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য প্রদানের দিন ধার্য ছিল। গত ১০ মে প্রসিকিউশনের আনা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
এ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চারজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অপর দিকে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ২৪ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের মুলতবি আদেশের কারণে এই মামলার পরবর্তী শুনানির দিন পুনঃনির্ধারণ করা হবে।



