গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় আইন অমান্য করে গোপনে ঘোড়া জবাইয়ের অভিযোগ পাওয়া গেছে। পরিত্যক্ত একটি গরুর খামার থেকে জবাইকৃত ঘোড়ার গোশত ও পাঁচটি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশক গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জাহাঙ্গীর আলমের পরিত্যক্ত গরুর খামারটি ভাড়া নিয়ে সেখানে গোপনে ঘোড়া জবাই করে অন্য এলাকায় সরবরাহ করা হচ্ছিল। খামারের মালিক জাহাঙ্গীর আলম জানান, চলতি বছরের জানুয়ারিতে তিনি খুলনার আনিসুর রহমান নামের এক ব্যক্তির কাছে মাসিক ২০ হাজার টাকায় খামারটি ভাড়া দেন। ভাড়াটিয়া কী কাজে খামারটি ব্যবহার করছিলেন, তা তিনি জানতেন না বলে দাবি করেন খামার মালিক।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাতে খামারে ঘোড়া এনে কয়েকটি জবাই করা হয় এবং আরো কিছু জবাইয়ের প্রস্তুতি চলছিল। গভীর রাতে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ কে এম আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার গোশত উদ্ধার করা হয়েছে। খামারে বাঁধা অবস্থায় থাকা পাঁচটি জীবিত ঘোড়া উদ্ধার করে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। একজন ভেটেরিনারি সার্জন দিয়ে ঘোড়াগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, দেশে ঘোড়া জবাই আইনত নিষিদ্ধ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ঘোড়াগুলো জবাইয়ের উদ্দেশ্যেই আনা হয়েছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় একাধিকবার ঘোড়া জবাইয়ের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছে।



