সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

কেসিসির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনা মহানগরীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জানান, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেসিসি এই উদ্যোগ নিয়েছে। মহানগরীতে আগামী ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবাদী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পৃথকভাবে খুলনা জেলা পরিষদ চত্বরেও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা ব্যুরো।

লাগেজ নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে কসবা উপজেলার কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজের লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার দাবিতে তার স্বজনরা হজ এজেন্সির সাথে যোগাযোগ করলে কথাকাটাকাটির জেরে এজেন্সির কার্যালয় ভাঙচুর করা হয়। এর ধারাবাহিকতায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর বাংলাবাজার ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত সাম্পান ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ইছানগর বাংলাবাজার ঘাটে শত শত যাত্রী, সচেতন ছাত্রসমাজ ও স্থানীয়দের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তেলের দাম ও খাস কালেকশনের অজুহাতে সাম্পান ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়কারী লায়ন মুছা সিকদার অভিযোগ করেন, তিন মাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত হলেও ঘাট সভাপতি একতরফাভাবে ভাড়া বাড়িয়েছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।

২০ পরিবার পেল সেলাই মেশিন

কুমিল্লার চৌদ্দগ্রামে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল মাদরাসা মিলনায়তনে মুন্সীরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি ডা: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডা: শফিকুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, উপদেষ্টা নুরে আলম মিয়াজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, ২০২৫ সালে গঠিত এই জাকাত ফাউন্ডেশনটি এলাকার দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। এর আগে গত রমজানের ঈদেও ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছিল। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান আয়োজকরা। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।

৭০ জনের চোখের ছানি অপারেশন

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও ৭০ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া। এ সময় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাছাইকৃত ছানি রোগীদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোগীদের যাতায়াত, অপারেশন, ওষুধ ও থাকার সুব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মামুনুর রশিদ মোল্লাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: দুলাল হোসেন (৬৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দক্ষিণ তিত্তপাড়া (ঝেল্লাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন ওই এলাকার মৃত মজিম উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজের আবাদি জমিতে সেচের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মো: আসাদুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে কৃষিকাজ করা এই কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের মাঝপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার সময় সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

মাদকসহ ইউপি সচিব ও সহযোগী আটক

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে তিন বোতল উইনসেরেক্স মাদকসহ রায়পুর ও নেহালপুর ইউনিয়ন পরিষদের সচিবসহ তিনজনকে আটক করেছে। গত শুক্রবার রাতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনের একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ইউপি সচিব ফাহিম মুনতাছির (৩৫), সাগর হোসেন (২০) ও সাব্বির আহমেদ (২৯)। দর্শনা থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এসআই আমানত উল্লাহর নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। অভিযানের সময় চায়ের দোকান মালিক মিজানুর রহমান কৌশলে পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রহনপুর পৌর এলাকার পিরাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফলদ, বনজ ও ঔষুধি চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা সফল করতে তারা সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার প্রাক্তন মেয়র তারেক আহমেদসহ স্থানীয় সুধীজন ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) সংবাদদাতা।