ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের পেসার খালেদ আহমেদের। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন খেলার পর প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে সুযোগ পেয়েছেন ডান হাতি এই পেসার। কেন্ট আসলে চেয়েছিল পেসার শরিফুল ইসলামকে। কিন্তু বিভিন্ন কারণে বিসিবি তাকে অনাপত্তিপত্র না দিলে দরজা খুলে যায় খালেদের। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ সেপ্টেম্বর কেন্টের জার্সিতে অভিষেক হবে তার।
কেন্টের হয়ে চার ম্যাচের চুক্তিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ। সেখানে বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদের সাথে একই দলের হয়ে খেলবেন তিনি। কেন্ট বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু থেকে পদোন্নতির লড়াইয়ে রয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ শেষ পর্যায়ে বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করতেই খালেদকে দলে নিয়েছে ক্লাবটি।



