বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মিয়া আবদুল্লাহ ওয়াজেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার রাত ১টা ১৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মিয়া আবদুল্লাহ ওয়াজেদ ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার অবকাঠামো ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সফল এই শিল্পোদ্যোক্তা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেছিলেন। তিনি এফবিসিসিআই’র সদস্য এবং ঢাকা চেম্বারের (ডিসিসিআই) পরিচালক হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হিসেবে দেশ-বিদেশে সমাদৃত হন।
মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কুটিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া ও জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।



