সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

কিশোরকে পিটিয়ে হত্যা

মাদারীপুরের ডাসারে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদারসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়। নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগমসহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরতর আহত করা হয়। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষ মাপঝোকের আয়োজন করেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায় মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। মাদারীপুর প্রতিনিধি।

পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ লুট

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে আটকিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র। গতকাল রোববার ভোরে পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অধীনস্থ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ার ফলে পশাল উপজেলার ভাগদী, রাজাবোসহ চারটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত (সাড়ে ৩টা) বন্ধ রয়েছে। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নরসিংদী প্রতিনিধি।

হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অতিরিক্ত গরমে ১৮ জন শিক্ষার্থী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। গতকাল বোরবার দুপুরে উপজেলার সরই উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন প্রচণ্ড তাপদাহে সরই উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, মিরতিহান ইবনে জিয়াসহ ছয়জন,সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সমিয়ম ম্রো, শামীমা আক্তার, মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ সাতজন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহিদা বেগম, তাসমিন আক্তার এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সং লে ম্রো, ফাতেমা আক্তার ও সিফা আক্তারসহ মোট ১৮ জন শিক্ষার্থী হঠাৎ করে মাথা ঘুরে পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া বলেন, বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। গতকাল দুপুরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে একের পর এক শিক্ষার্থী হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। তিনি আরো বলেন, তাদের অচেতন হওয়ার দৃশ্য দেখে অনুমান করছি, তারা সকলেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কয়েকজন শিক্ষার্থীর জ্ঞান ফিরে আসে। বাকিদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে প্রেরণ করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বান্দরবান প্রতিনিধি।

প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এ ছাড়া আরো ২৫ শিক্ষার্থী খাবার খাওয়ার পর অস্বস্তিবোধের কথা জানিয়েছে। শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের দেয়া সেদ্ধ ডিম ও পাউরুটি খাবার খাওয়ার কিছুক্ষণ পর পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অন্য দিকে, আরো ২৫ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও অস্বস্তির কথা জানায়। পরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে। ঘটনার পর উপজেলা প্রশাসন সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নিয়েছে। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।

চরভদ্রাসনে ২ ভাইকে কুপিয়ে আহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফাজেলখাঁর ডাঙ্গী গ্রামে গত শনিবার রাতে নৃশংসভাবে দুই ভাইকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। হায়দার মুন্সিকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে। তার ছোট ভাই সুজন মুন্সি (৩০)ও মারাত্মক জখম হয়েছেন। আহত দুই ভাইকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে ফরিদপুর জেলা হাসপাতালের মাধ্যমে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দার মুন্সি বিবাহিত ও তিন মেয়ে ও এক ছোট ছেলে আছে। হায়দারের মা, নিরু খাতুন (৬০) বাদি হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, তার ছেলেরা পেশায় রাজমিস্ত্রি এবং কারও সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল না। প্রায় তিন বছর আগে একই গ্রামের রিপন খাঁ ও কালাম মণ্ডলের মধ্যে একটি মারামারিতে হায়দার সাক্ষী দিয়েছিলেন। সেই সাক্ষ্য দেয়ার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে। চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা।

লোডশেডিংয়ে নাভিশ^াস

বৈশাখের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রখর রোদ, অন্য দিকে লোডসেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড তাপদাহের সাথে রাতে দিনে ১০ থেকে ১২ ঘণ্টার লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। রাতে দিনে বিদ্যুৎ বিভ্রাট দিন দিন চরমে পৌঁছেছে। বিদ্যুতের দেখা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুঃসহ দিন পার করছেন ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ ও ওজোপাডিকোর ৬ লাখ গ্রাহক। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় স্থবির হয়ে পড়েছে ঝিনাইদহের কৃষি, শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ ও ওজোপাডিকোর মোট চাহিদা ১২৯ মেগাওয়াট। এর মধ্যে পল্লীবিদ্যুতের চাহিদা ৭৫। এই দুই দফতর মিলে বিদ্যুৎ ঘাটতি থাকছে প্রায় ৫০ মেগাওয়াট। ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী নাজমুন নাহার জেরিন জানান, ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে গ্রাহকের সংখ্যা চার লাখ ৪৫ হাজার ২৬৪। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ১২৬, বাণিজ্যিক ২৫ হাজার ৮৪৫, সেচ পাম্প ১০ হাজার ৮৯৫, হাসপাতাল ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার ৬৭০, শিল্প ও অন্যান্য স্থাপনায় ৩ হাজার ৭২৮টি সংযোগ রয়েছে। তিনি জানান, চাহিদার তুলনায় কিছুটা বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির চাহিদা ৭৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩৮ থেকে ৫৪ মেগাওয়াট। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

মোবাইল কোর্টে যুবকের জরিমানা

বাঁশখালীতে ওয়েবসাইট হ্যাকিং গ্রুপের সাথে সমন্বয় করে ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধের দায়ে রিপন উদ্দীন নামে এক যুবককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কালীপুর ইউপির সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি শপিং কমপ্লেক্সে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। অভিযুক্ত রিপন উদ্দীন উপজেলার কাথরিয়া ইউপির বাগমারা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে। জানা যায়, রিপন উদ্দীন মূলত একজন দলিল লেখকের সহকারী। কিন্তু তিনি ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তার মিথ্যা পরিচয় ব্যবহার করে রাজস্ব কর ফাঁকি দিয়ে ভূমি উন্নয়ন কর (দাখিলা) পরিশোধের কাজ করতেন। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।