রংপুর ব্যুরো
‘সামনে অত্যন্ত একটা বড় টেস্ট আছে আমাদের। সেটি হলো নির্বাচন। প্রধান উপদেষ্টা সবসময় বলছেন, যে এটি একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারো কোনো কমপ্লেইন থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার রংপুর ডিসির সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন। এ সময় ডিসি মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। আইনশৃঙ্খলা ভালো না থাকলে কোনো কিছুই এচিভ করা যাবে না। আমরা জানি এ নিয়ে খুব খারাপ সময় আমাদের গেছে। আশার কথা হলো পুলিশ আলটিমেটলি তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে। ’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ‘যে কেন্ডিডেটের হারার সম্ভাবনা থাকে। তিনি কিন্তু সব সময় গণ্ডগোলের চেষ্টা করতে পারেন। এটি মনে রাখতে হবে। সেটি মাথায় রেখেই আমি মনে করি যথেষ্ট ব্যবস্থা নেয়া হবে। এটা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মিটিং করেছেন। এটার স্টাটেজি নিয়ে হোম মিনিস্ট্রি উপদেস্টা আমার বন্ধু উনিও যথেষ্ট সজাগ আছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করি সবাই মিলে একসাথে বসে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব।’
এ সময় তিনি শতরঞ্জি, বিদেশে কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন। বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ-সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম প্রমুখ।



