কাশিমপুর ভূমি অফিসে ঝটিকা অভিযান, ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা প্রদানে অদক্ষতা এবং দালালের মাধ্যমে কাজ করানোর প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

গতকাল সোমবার সকালে পরিচালিত এ ঝটিকা অভিযানে দাফতরিক নথিপত্রে অসঙ্গতি, দীর্ঘদিন ধরে সেবা ঝুলে থাকা এবং কর্মস্থলে অনুপস্থিতির বিষয় ধরা পড়ে। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক আকস্মিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দাফতরিক নথিপত্র যাচাই-বাছাই করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। এ সময় নথিপত্রে বিভিন্ন অসঙ্গতি, বিপুলসংখ্যক আবেদন দীর্ঘদিন অমীমাংসিত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত দুই কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। পাশাপাশি সেবাগ্রহীতাদের অভিযোগ ও দাফতরিক অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।