নিজস্ব প্রতিবেদক
দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা’র আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। আল-কুরআনের সহিহ তাফসির, জ্ঞান চর্চা, গবেষণা-মনস্কতা বৃদ্ধি, প্রজ্ঞাবান আলেম ও মুফাসসির তৈরি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এ প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইফা জানিয়েছে, ২টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল, আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা (বয়স অনূর্ধ্ব ৩০ বছর) অংশ নিতে পারবে। তাফসিরের বিষয় সূরা ফাতিহা, সূরা বাকারাহ ও সূরা আলাক। ‘খ’ গ্রুপে কামিল, দাওরায়ে হাদিস, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা (বয়স অনূর্ধ্ব ৪০ বছর) অংশ নিতে পারবেন। তাফসিরের বিষয় সূরা আন-নূর, সূরা ইয়াছীন, সূরা হুজরাত, সূরা আর রাহমান ও সূরা ওয়াকিয়াহ। এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের ৯ লাখ টাকা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য সাত লাখ ২০ হাজার টাকাসহ মোট ১৬ লাখ ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কার দুই লাখ টাকা প্রতিটি, ১ম রানার আপ পুরস্কার ১.৫ লাখ টাকা প্রতিটি ও ২য় রানার পুরস্কার এক লাখ টাকা প্রতিটি এবং ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে দু’টি গ্রুপে ছয়জন বিজয়ীকে ৯ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ১ম পুরস্কার বিজয়ীকে নগদ ২০ হাজার টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে নগদ ১৫ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে প্রতি বিভাগে ছয়জন বিজয়ীকে ৯০ হাজার টাকা হিসাবে ৮টি বিভাগে ৪৮ জন বিজয়ী সাত লাখ ২০ হাজার টাকা প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে ৪৮ জন বিজয়ীকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার পূর্বে ঢাকায় সাত দিনের ইন হাউজ গ্রুমিং বা প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইফা সূত্রে আরো জানা যায়, আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। পবিত্র কুরআনের শাব্দিক অর্থসহ তরজমা করার যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া উলুমুল কুরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ এবং বালাগাতসহ প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে যঃঃঢ়ং://ঃরহুঁৎষ.পড়স/ঃধভংরৎপড়সঢ়বঃরঃরড়হ২৬ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রতিযোগীদের ইসলামিক ফাউন্ডেশনের ৮টি বিভাগীয় কার্যালয়-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের যেকোনো একটি কার্যালয়ের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং তা অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে। সাফওয়াতুত তাফসির, কালিমাতুল কুরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারী, তাফসির ইবনে কাছীর ও তাফসিরে মারেফুল কুরআন এ প্রতিযোগিতায় সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।



