লংমার্চ সফল করতে ১১ দলের লিফলেট বিতরণ

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লা নগরীতে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। গত সোমবার বেলা ১১টায় নগরীর টাউন হল গেট এলাকা থেকে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়।

পরে জোটের নেতাকর্মীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও কান্দিরপাড় এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। কর্মসূচি থেকে লংমার্চের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আগামী ৫ সেপ্টেম্বর কুমিল্লাবাসীকে শান্তিপূর্ণভাবে এতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু: মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- এবি পার্টির জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান ও ছাত্রশিবিরের মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।

কর্মসূচিতে অন্যদের মধ্যে- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর সদস্যসচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির মহানগর সভাপতি গোলামু মুহা: সামদানী ও জাগপা মহানগর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতারা বলেন, লংমার্চের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পুরো জেলাজুড়ে এই জনসংযোগ অব্যাহত থাকবে। জনসম্পৃক্ততার মাধ্যমেই কর্মসূচি সফল করা হবে।