ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি দাপটের সাথেই শেষ করেছে ভারত। বৃষ্টিবিঘিœত দেবদূত পাড়িক্কালের অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত ইনিংসে ৭৩ ওভারে ২ উইকেটে ২৮৮ রান করেছে সফরকারীরা।
টেস্টে ভারতের তিন নম্বরে ২০ ম্যাচ পর সেঞ্চুরি এসেছে পাড়িক্কালের ব্যাটে। ১৭৮ বলে ১৩১ রানের ইনিংসে তিনি ১৪টি চার ও এক ছক্কা মেরেছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। চোটের কারণে সাই সুদর্শন ছিটকে যাওয়ায় দলে ফিরে সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। জয়সওয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ভারত। তবে ৩২ রানে জয়সওয়াল রানআউট হয়ে ফেরেন। এরপর পাদিক্কাল ও রাহুল মিলে ইনিংস সামাল দেন। রাহুল ৭৭ রানে পৌঁছে হাতে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হন। চোটের কারণে ব্যাট ঠিকমতো ধরতে না পারায় দ্বিতীয় ইনিংসে তার মাঠে ফেরাও অনিশ্চিত হয়ে পড়ে। পরে গিল ১৬ রান করে আউট হন। শেষ দিকে পাদিক্কালের সাথে যোগ দেন ঋষভ পান্ত। দ্বিতীয় দফা বৃষ্টির আগে-পরে তারা ৪৮ রান যোগ করেন। শ্রীলঙ্কার স্পিনাররা প্রথম দিনেই উইকেট থেকে উল্লেখযোগ্য টার্ন পেয়েছেন। শেষ সেশনে বল গড়ে ৪.৫ ডিগ্রি পর্যন্ত ঘুরেছে, যা স্বাগতিকদের জন্য বড় সতর্কবার্তা।
দিন শেষে পাড়িক্কাল ১৩১ ও পান্ত ২৭ রানে ক্রিজে রয়েছেন। ভারতের অবস্থান শক্ত হলেও গলের উইকেটে স্পিন বাড়তে থাকলে ম্যাচের পরবর্তী দিনগুলোতে ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।



