মোবাইল ফোন না পেয়ে বিষপানে স্কুলছাত্রের আত্মহত্যা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। গত বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাওহীদ (১৪) উপজেলার দক্ষিণ বাজার এলাকার ভ্যানচালক নুরুনবির ছেলে। সে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তাওহীদ বেশ কিছু দিন ধরে পরিবারের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার আবদার করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে সে আবারো মোবাইল ফোনের জন্য জেদ ধরলে তার মা তাকে বুঝিয়ে বলেন, উপযুক্ত বয়স হলে ফোন কিনে দেয়া হবে। এ সময় তাকে বকাঝকাও করা হয়।

এরপর অভিমান করে তাওহীদ সবার অগোচরে ঘরে থাকা চালের পোকা মারার বিষ পান করে বলে পরিবারের দাবি। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

তাওহীদের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।