সাড়ে ৫ মাসে হাম ও উপসর্গে মৃত্যু ৯৬৭ জনে পৌঁছেছে

২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে সাড়ে ৫ মাসে এই রোগে মোট মৃত্যু ৯৬৭ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে একজন করে ঢাকা ও সিলেট বিভাগে এবং বাকি দু’জন বরিশাল বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১৬ জন। এর মধ্যে এক হাজার ১৫১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৬৫ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯০ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৮ শিশু। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৬৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৬৮ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৫৬ হাজার ৮২৯ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৯ হাজার ২১৮ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৬২ হাজার ৪৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৪৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৩২ হাজার ২৯২ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫২, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৭২, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সিলেটে আরো এক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায় : সিলেটে হামের প্রকোপে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।

গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, একদিন মৃত্যুহীন থাকার পর সিলেটে ফের হামে মৃত্যু হলো। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া প্রায় এক বছরের শিশু আরিয়ান ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চলতি বছরে এ হাম ও উপসর্গে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২০ এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।