চট্টগ্রাম কাস্টমসের সার্ভার হ্যাক গ্রেফতার ১

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে অবৈধ অনুপ্রবেশ, জাল কাগজপত্র তৈরি এবং শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় চক্রের আরো এক সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ।

গ্রেফতারকৃত শেখ সেজান (২৬) নেপালে পালিয়ে যাওয়ার সময় গত ১৫ জুলাই সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক হন। তিনি বন্দর থানার দু’টি আলোচিত কাস্টমস আইনের মামলার অভিযুক্ত।

শুক্রবার সিএমপি জানায়, সঙ্ঘবদ্ধ চক্রটি চীন থেকে বন্ড সুবিধায় শুল্কমুক্ত ফেব্রিক্স আমদানির ভুয়া ঘোষণা দিয়ে একটি কন্টেইনারে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশী মদ এবং অন্য একটি কন্টেইনারে প্রায় ৫০ লাখ শলাকা বিদেশী সিগারেট আমদানির চেষ্টা করে। জানা গেছে, শেখ সেজান তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তিনি কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ও চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তার দুর্বলতা কাজে লাগিয়ে অন্যের ইউজার আইডি ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং ভুয়া এলসি নিবন্ধনের মাধ্যমে চোরাচালান কার্যক্রমে কারিগরি সহায়তা দেন।