গাজীপুর মহানগর প্রতিনিধি
টঙ্গীতে পুলিশের কাছ থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর বৃষ্টির মতো নিক্ষেপ করে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় এক কনস্টেবল আহত হন। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার রাত ১১টার দিকে কেরানীরটেক মাদক বস্তি থেকে আসামি গ্রেফতারের পর টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতাররা হলেন, আবুল হোসেনের ছেলে মোজাম্মেল (৩০), মৃত মজিবুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৪), আহাম্মদ আলীর ছেলে নাইম মিয়া (২৮), আনিছুর রহমানের ছেলে সোহাগ (৩০) ও আব্দুল বারেকের ছেলে আদর আলী (২১)। তারা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালায়। সেখান থেকে কুখ্যাত মাদককারবারি রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে রাহুলকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নেয়ার সময় একদল মাদককারবারি পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি উদ্ধারে অভিযান শুরু করে। পরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে পঁাঁচজনকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেয়ার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।



