মুহাম্মদ কাইসার হামিদ কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তার ও অফিস সহায়ক রুকন উদ্দিনের বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহার, অতিরিক্ত খাজনা আদায়, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গোবরিয়া আব্দুল্লাহপুর মৌজার সরকারি খাল ও রাস্তার পাশের গাছ বিক্রির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজনের দাবি, চলতি বছরের শুরুতে সরকারি জায়গা থেকে একাধিক গাছ কেটে বিক্রি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, জমির শ্রেণী পরিবর্তন ও ভূমি উন্নয়ন কর নির্ধারণে অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। লক্ষ্মীপুর গ্রামের মাহবুবুর রহমান দাবি করেন, তার পতিত জমির শ্রেণী পরিবর্তন দেখিয়ে আগের তুলনায় কয়েক গুণ বেশি খাজনা আদায় করা হয়েছে। তবে অভিযুক্ত অফিস সহায়ক রুকন উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এসব বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তার সাথে কথা বলতে হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারও অভিযোগগুলো অস্বীকার করে বলেন, সরকারি গাছ কাটার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন খন্দকার বলেন, জেলা প্রশাসকের কাছে জমা দেয়া অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করবেন। অন্যান্য অভিযোগও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



