শেফার্ডের হ্যাটট্রিকে জয় উইন্ডিজের

Printed Edition
হ্যাটট্রিকের পর শেফার্ডকে অভিনন্দন ম্যাচসেরা হেটমায়ারের :ক্রিকইনফো
হ্যাটট্রিকের পর শেফার্ডকে অভিনন্দন ম্যাচসেরা হেটমায়ারের :ক্রিকইনফো

ক্রীড়া ডেস্ক

শিমরন হেটমায়ারের ঝড়ো ফিফটি আর রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকের সুবাদে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৮২ রানের বিশাল সংগ্রহ পায় ক্যারিবীয়রা। লক্ষ তাড়ায় ৩৭ রানে তিন উইকেট হারিয়ে এলোমেলো হয়ে পড়ে স্কটিশরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা সময় বেশ ভালোই লড়াই উপহার দিয়েছিলেন অধিনায়ক রিচি বেরিংটন আর টম ব্রুস। দুই উইকেটেই ১১৫ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। তবে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ৩৫ রানের সহজ জয়েই টি-২০ বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ বলে ৬৪ রান করার সুবাদে ম্যাচসেরা হন হেটমায়ার। ২২ বলে ফিফটি করে গেইলের বিশ্বকাপের রেকর্ড ভাঙলেন হেটমায়ার।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল স্কটল্যান্ডের জায়গায় খেলার কথা ছিল বাংলাদেশের। আইসিসি ও বিসিসিআইয়ের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে চলমান আসর থেকে বাদ পড়ে টাইগাররা।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশোনে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারালেও মোটে ৩৩ রান তুলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলীয় ৫৪ ও ব্যক্তিগত ১৯ করে প্রথমে সাজঘরে ফেরেন শাই হোপ। ব্রেন্ডন কিং করেন ৩০ বলে ৩৫। এরপর রানের গতি বাড়ান সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ডরা। পাওয়েল ২৪, রাদারফোর্ড আউট হন ২৬ রানে। চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয়ার পেছনে মূল অবদান ছিল হেটমায়ারের। ৩৬ বলে দুই চার আর ছয় ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। দু’টি উইকেট নেন ব্র্যাড কুরি।

১৮৩ রানকে তাড়া করতে নেমে ৩৭ রানে তিন উইকেট হারায় স্কটল্যান্ড। সেখান থেকে টম ব্রুসকে সাথে নিয়ে ৭৮ রানের জুটি অধিনায়ক রিচি বেরিংটনের। বেরিংটন ২৪ বলে ৪২ আর ব্রুস ২৮ বলে ৩৫ করে আউট হন। এরপরই রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে এলোমেলো হয়ে যায় স্কটল্যান্ড। ১৭তম ওভারে দ্বিতীয় বলে ম্যাথু ক্রস, তৃতীয় বলে মাইকেল লিস্ক ও চতুর্থ বলে অলিভার ডেভিডসনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেসার। উইকেট নেন শেষ বলেও। অর্থাৎ হ্যাটট্রিকসহ ওই ওভারেই চার উইকেট পান শেফার্ড। সব মিলে ২০ রানে নেন পাঁচ উইকেট। আর তাতেই ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড।