দলে দলে ইসরো ছাড়ছেন ভারতীয় বিজ্ঞানীরা

Printed Edition

এনডিটিভি

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে বিজ্ঞানীদের দলে দলে চাকরি ছাড়ার ঘটনা ঘটছে। এই গণ-প্রস্থান রুখতে দেশটির মহাকাশ বিভাগ (ডিপার্টমেন্ট অব স্পেস) ইসরোর প্রধান প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোর জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে বিজ্ঞানীদের স্বেচ্ছাবসর এবং পদত্যাগের নিয়মাবলি কঠোর করা হয়েছে।

১৪ জুলাই জারি করা এক নির্দেশনায় ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি), বিক্রম সারাভাই স্পেস সেন্টারসহ (ভিএসএসসি) ইসরোর প্রধান গবেষণা কেন্দ্রগুলোকে বলা হয়েছে, গগনযান মানব মহাকাশ অভিযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনের সাথে যুক্ত গ্রুপে বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের স্বেচ্ছাবসর বা পদত্যাগের আবেদন নিয়মিতভাবে গ্রহণ করা যাবে না। নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ইসরোর গ্রুপে বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের, বিশেষ করে গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত কর্মীদের স্বেচ্ছাবসর ও পদত্যাগের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে এসব প্রকল্পের সাথে যুক্ত বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের স্বেচ্ছা অবসর ও পদত্যাগের আবেদন আর নিয়মিতভাবে গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।