নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমা উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বোমাটির ভেতর ডেটোনেটর ছিল বলে জানিয়েছে গোয়েন্দারা।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বোম্ব ডিসপোজাল ইউনিট ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকাল থেকেই মতিঝিল এলাকায় ফিরতি রথযাত্রা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
সন্ধ্যায় যাত্রা শেষ দিকে কে বা কারা মেট্রো রেল স্টেশনের নিচে এবং ঢাকা চেম্বার অব কমার্সের সড়কের মাঝামাঝি বোমাটি রেখে যায়। বিস্ফোরণ না হওয়ায় পথচারীরা সেটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে গোয়েন্দা সংস্থার লোকজন বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বোম্বটি কারেন্টের সাহায্যে বিস্ফোরণ ঘটায়।
এ দিকে মেট্রো রেলের নিচে বোমা দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর থেকে উৎসুক লোকজনের ভিড় জমতে থাকে। বোমাটির বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের এলাকা কেঁপে উঠে। আশপাশের মানুষ আতঙ্কে ছুটাছুটি করতে থাকে।
অপর দিকে রাত ৮টা থেকে মতিঝিল মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়। শুধু উত্তরাগামী যাত্রীরা স্টেশনে নামলেও মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়নি। স্টেশনে দায়িত্বরতরা জানান, রাত ৮টায় মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হয়। তবে বিস্ফোরণের বিকট শব্দে স্টেশনের ভেতরে থাকা যাত্রী ও কর্মীরা আতঙ্কে ছুটাছুটি করতে থাকেন।



