টাঙ্গাইলে আসামির মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে তৃতীয় শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তারকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি হলো- টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর (উত্তরপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)। আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো: ওমরাও খান দীপু নয়া দিগন্তকে জানান, সখিপুরের দাড়িয়াপুর গ্রামের রনজু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৯) দাড়িয়াপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বিগত ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের ন্যায় সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামি সাব্বির পেছন থেকে মুখ চেপে ধরে সামিয়াকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। তখন সামিয়া নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে তাকে শ^াসরোধ করে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পাশের একটি ধানক্ষেতের ড্রেনে কাঁদামাটি দিয়ে ঢেকে রাখে। আসামিকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মুক্তিপণের উদ্দেশ্যে শিশুকে আটক রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে হত্যার পর লাশ গুমের চেষ্টাসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন (স্টেট ডিফেন্স)। টাঙ্গাইল প্রতিনিধি।
মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা
নারায়ণগঞ্জের বন্দরে এক তালিকাভুক্ত মাদক কারবারি থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ তার হাত থেকে দিয়াশলাই ছিনিয়ে নিয়ে তাকে রক্ষা করে এবং তাকে গ্রেফতার করে। গতকাল বন্দর থানা চত্বরে এ ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারীর নাম রমজান (৩৫)। সে বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। গত সপ্তাহে এলাকাবাসী তার মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয় এবং তাকে এলাকা থেকে বিতারিত করে। গত তিন দিন আগে সে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে মাদক বিক্রি না করার জন্য শাসিয়ে যায়। বুধবার বিকেলে হঠাৎ সে পাঁচ লিটারের বোতলে কেরোসিন নিয়ে থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে ওসি ওসি বলে চিল্লাতে থাকে আর বলে আমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসা ছেড়ে দিতে চাই। তবু এলাকায় আমাকে ঢুকতে দেয়া হচ্ছে না। বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯
ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস এবং ডিবির পোশাক, হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটের দিকে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘চক্রটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। আশুলিয়া সংবাদদাতা।
একই স্থানে সভা নিয়ে উত্তেজনা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য মাসুম রানার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল বুধবার বিকেলে প্রতাপের চর মসজিদের সামনে রফিকুল ইসলামের সভা হওয়ার কথা ছিল। কিন্তু এ খবরে মাসুম রানার সমর্থক ইকবাল হোসেন বিশাল প্যান্ডেল করে ভোজের আয়োজন করে। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইপক্ষের সভা বন্ধ করে দেয়। সোনারগাঁও থানার ওসি মো: গোলাম সারোয়ার বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় পুলিশ বন্ধ করে দিয়েছেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
কক্সবাজারে ইয়াবাসহ ২ নারী আটক
কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ছয় হাজার ইয়াবা পাচারের সময় চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সীমা ইসলাম (২২) ও রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষাকে (১৯) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।
ডাক কর্মচারীদের মানববন্ধন
বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। গতকাল ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার। বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমের মূল্য বিবেচনায় তাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। ঝালকাঠি প্রতিনিধি।
বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
ফেনীর পরশুরামে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বন্যার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল দিনব্যাপী ক্যাম্পেইনে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আটটি বুথে আট বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে ব্লাড টেস্ট ও চোখের পরীক্ষা করা হয়। এ সময় তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সকাল ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এম এম জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে দুপুর ১২টায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ। ফেনী অফিস।
দেবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এ দু’টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো: মামুন ইসলাম (৩০)। তিনি খাদিমুল ইসলামের ছেলে। অপর দিকে, দণ্ডপাল ইউনিয়নের মৌমারী শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)। তিনি মৃত লালচাঁন খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জমিতে পাট কাটার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে একই দিন দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।



