রাজপথে মৃত্যুর হানা

রাজবাড়ীতে কৃষক ও নেত্রকোনায় চালক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে এক কৃষক ও নেত্রকোনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলায় পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নছিমন গাড়ি দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু ও একজন গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক ইব্রাহিম হোসেন মনা (৬০)। তিনি পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত নির্জান মণ্ডলের ছেলে। গুরুতর আহত মো: জিল্লু শেখ (৫০) একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ইব্রাহিম হোসেন মনা ও জিল্লু শেখ নিজ এলাকায় উৎপাদিত পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত করিমন গাড়িতে করে সোনাপুর বাজারের দিকে রওনা দেন।

সকাল ৮টার দিকে কালুখালির মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারী মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ করিমন গাড়িটির ডান পাশের চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম হোসেন মনা মারা যান।

অপর আহত জিল্লু শেখের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই বেপরোয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (৩৫) নামে এক চালক নিহত ও অপর এক হেলপার গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের শ্যামগঞ্জ বাজারের অদূরে ইসবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মদন উপজেলার হাসকুরি গ্রামের জনৈক সবুজ মিয়ার ছেলে। আহত হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান স্থানীয়রা।