নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় এক গৃহবধূ নিহত, সংঘর্ষে একজনের মৃত্যু ও তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুরের শাহরাস্তিতে রাতে ডাকাতির সময় হামলায় এক গৃহবধূ নিহত ও আরেকজন আহত হয়েছেন। কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্য দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে চার দিন আগে নদীতে নিখোঁজ হওয়া এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে এক নৈশপ্রহরীর অর্ধগলিত লাশ এবং চুয়াডাঙ্গায় এক বছর ধরে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
শাহরাস্তি
উপজেলার বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নিহত হন। একই ঘটনায় আহত হন কাজী সুমাইয়া আক্তার (২৪)। পরিবারের ভাষ্য, মুখোশধারী দুই ডাকাত ঘরে ঢুকে সুমাইয়া ও তার শিশুকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে। সুমাইয়ার হাত বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার পর পাশের কক্ষে গিয়ে রিগান আক্তার মিমের ওপর হামলা চালায়। প্রতিবেশীরা চিৎকার শুনে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
রাজারহাট
উপজেলার ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ ছড়ালে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত জান্নাত ঘটনাস্থলেই মারা যান।
কমলগঞ্জ
উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর কৃষক মাসুক মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নদী পার হওয়ার সময় তিনি তীব্র স্রোতে ভেসে যান। সাথে থাকা আরেক ব্যক্তি তীরে উঠতে সক্ষম হলেও মাসুক মিয়া নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কয়েক দফা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর চরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।
কুমারখালী
উপজেলার উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার জানায়, তিন দিন আগে রাতে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি। বুধবার স্থানীয়দের খবরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
চুয়াডাঙ্গা
শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ফরজ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার জানায়, মানসিক ভারসাম্যহীন ফরজ আলী প্রায় এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বুধবার স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে। পরে স্বজনরা সেটি ফরজ আলীর বলে শনাক্ত করেন।



