নিজস্ব প্রতিবেদক
কারাবন্দীদের আদালতে আনা-নেয়ার সময় এবং কারা অভ্যন্তরের নানা ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে ৫০ জন কারারক্ষীকে কারা অধিদফতরে তলব করা হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তলব করা কারারক্ষীরা ঢাকা ডিভিশনসহ দেশের বিভিন্ন কারাগারে দায়িত্ব পালন করছেন। কারা অধিদফতরের একজন কর্মকর্তা গতকাল দুপুরে ৫০ কারারক্ষীকে কারা অধিদফতরে ডেকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করে বলেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল (প্রশাসন ও অর্থ) ৫০ কারারক্ষীকে তলব করেন।
কি অভিযোগে তাদের তলব করা হয়েছে জানতে চাইলে তিনি শুধু বলেন ৫০ কারারক্ষী বিভিন্ন সময় কারাগারের ভেতরের ছবি এবং ভিডিও ফুটেজ ফেসবুকে আপলোড করেছে এবং শেয়ার করেছে। সেসব বিষয়েই তাদেরকে মূলত হেডকোয়ার্টারে তলব করা হয়েছে। দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে তিনি বলেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তলবকৃত নারী ও পুরুষ কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।



