দক্ষিণ লেবাননে ইসরাইলের ফসফরাস বোমা হামলা

Printed Edition

এনএনএ

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় নতুন করে শ্বেত ফসফরাস বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এনএনএ-র প্রতিবেদনে জানানো হয়, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল-সংলগ্ন পাইন ও জলপাই বাগানে এ সব রাসায়নিক বোমানিক্ষেপ করা হয়। এর ফলে ওই এলাকার বিস্তীর্ণ স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

সংবাদ সংস্থাটি আরো জানায়, নাবাতিয়েহর নিকটবর্তী আলি আল-তাহের পাহাড়ি এলাকায় ইসরাইল দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি টায়ার শহরের বাইত আল-সাইয়াদ অঞ্চলে একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড বর্ষণের ঘটনাও ঘটেছে। অপরদিকে, দক্ষিণ লেবাননে নিয়োজিত নিজেদের ৪০১তম ব্রিগেডের মিশন সমাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ৯১তম ডিভিশনের অধীনে পরিচালিত এই ব্রিগেডটি আট মাস পূর্বে উক্ত অঞ্চলে সামরিক তৎপরতা শুরু করেছিল।

সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এই সময়সীমায় ব্রিগেডটি সীমান্ত এলাকাজুড়ে নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দক্ষিণ লেবাননের নির্ধারিত অঞ্চলে একাধিক অভিযান চালায়। ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, অভিযানকালে তারা হিজবুল্লাহর এক হাজার ২০০টিরও অধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।