রাজশাহী ব্যুরো
ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জীবনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ইখলাস, তাকওয়া, আমানতদারি, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির মাধ্যমে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
গতকাল রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইউনিট পর্যায়ের দায়িত্বশীলরা সংগঠনের তৃণমূলপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। একজন দায়িত্বশীলকে নিয়মিত জ্ঞানচর্চা ও আত্মগঠনের পাশাপাশি পরিবার ও সমাজের নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য, দৃঢ়তা ও আদর্শের ওপর অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: গোলাম মুর্তজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মগঠন ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে। কুরআন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাশিবিরে রাজশাহী জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে দারসুল কুরআন, ইসলামী সঙ্গীত, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য, ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কোরবানি, বাইআতের গুরুত্ব ও তাৎপর্য, ইনফাক ফি সাবিলিল্লাহ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ প্রশ্নোত্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



