ডিআইজি হাইওয়ে পুলিশ বললেন

নির্বাচনের দিন দূরপাল্লার বাস চলাচল করবে

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বক্তব্য অস্পষ্ট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬। এই নির্বাচনকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ততই আলাপ-আলোচনা জমে উঠছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের সময় (ভোটের দিন) সড়ক ও মহাসড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে এ সময়ে কোন দিন থেকে মোটরসাইকেল চলতে পারবে না, কোন দিন থেকে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না; সেসব তথ্য জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশে প্রাইভেট কার, বাস ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে কি না, সেই ব্যাপারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করে কথা বলার পরও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি; যে কারণে দেশের অধিকাংশ পেশার মানুষই নির্বাচনের আগের রাতে ভোট দেয়ার প্রয়োজনে (এক স্থান থেকে আরেক স্থান) ঢাকা ও ঢাকার বাইরের জেলাগুলোতে নিজস্ব বাহন প্রাইভেট কার ও দূরপাল্লার বাসে চড়ে গন্তব্য পৌঁছাতে পারবেন কি না, সে ব্যাপারে তারা এখনো সন্দিহান।

গতকাল রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ) মো: আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হয়। নির্বাচনের দিন ঢাকাসহ সারা দেশে প্রাইভেট কার, বাস ও দূরপাল্লার বাস (হাইওয়ে) চলাচল করতে পারবে কি না- জানতে চাইলে তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নয়া দিগন্তকে বলেন, আমি প্রাইভেট কার, বাস চলবে এটি বলিনি। আবার বলেন, এসব বন্ধও করা হয়নি। প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাও দেয়া হয়নি।

তিন ধরনের উত্তর দেয়ার বিষয়ে তার কাছে সরাসরি বাস, দূরপাল্লার বাস ও প্রাইভেট কার চলবে কি না- জানতে চাইলে তিনি বলেন, প্রজ্ঞাপনে যেটা বলা আছে, সেটাই আমাদের বক্তব্য। এর বেশি কিছু আমি বলতে পারছি না। এ বিষয়টি পরিষ্কার হতে চাইলে নির্বাচন কমিশনে যোগাযোগ করে জানতে হবে। এ সময় অবশ্য তিনি নয়া দিগন্তকে বলেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব যানবাহন চলাচলের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে গত রাতে ঢাকা চট্টগ্রাম জোনের হাইওয়ে পুলিশের ডিআইজি মো: আবদুল মাবুদের সাথে যোগাযোগ করে নির্বাচনের দিন দূরপাল্লার বাস চলবে কি না- জানতে চাইলে তিনি একবাক্য বলে দেন, দূরপাল্লার বাস চলবে। তবে ভোটিং সেন্টারের ক্ষেত্রে ছোট ছোট গাড়িগুলো ইসির দেয়া নির্দেশনা মোতাবেক হবে।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন অনুযায়ী আগামী ১১ ফেব্রয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে।