নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে দেশের অন্যতম ডিজিটাল অপারেটর বাংলালিংক। গতকাল ‘মুক্ত পে’ নামে এই ডিজিটাল পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে দেশের ডিজিটাল লেনদেনের বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অপারেটরটি।
গ্রাহকদের সহজ, নিরাপদ ও সহজলভ্য ডিজিটাল লেনদেনের সুযোগ দেবে বাংলালিংকের সম্পূর্ণ মালিকানাধীন সেবা মুক্ত পে। মুক্ত পে-তে টাকা লেনদেন, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, ইউটিলিটি ও সরকারি বিল পেমেন্ট, বেতন ও অন্যান্য অর্থ বিতরণসহ অনুমোদিত বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে।
ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়ানোর পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, ক্যাশলেস লেনদেন বাড়ানো এবং এই সেবার মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার যাত্রায় অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা বা কম সেবাপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তাদের মুক্ত পের মাধ্যমে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে সাংবাদিকদের বলেন, ‘ক্যাশলেস লেনদেনব্যবস্থা গড়ে তোলা এবং ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে বাংলাদেশকে আরো বেশি মানুষকে আর্থিক ব্যবস্থার আওতায় আনতে হবে। পাশাপাশি এমন একটি ডিজিটাল ব্যবস্থা প্রয়োজন, যেখানে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরো বেশি মানুষ অংশ নিতে পারেন। মুক্ত পে সে লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’



